দেশের ৭৬ থেকে ৮৫ শতাংশ কিশোর-কিশোরী খাদ্যতালিকায় বিভিন্ন উপাদানসমৃদ্ধ খাবার গ্রহণ করছে। খাদ্যের পাঁচটি গ্রুপের মাঝে শাকসবজি, স্টার্চ জাতীয় খাবার, দুগ্ধ, প্রোটিন এবং ফ্যাটযুক্ত খাবারের মধ্যে চারটি গ্রুপেরও বেশি খাবার গ্রহণ করে থাকে। যার ফলে এই খাবার শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ কিশোর-কিশোরী স্বাস্থ্য ও কল্যাণ জরিপ ২০১৯-২০’ থেকে এ তথ্য জানানো হয়।
জরিপের ফলাফল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। জরিপে দেখা যায়, দেশের ৯০ শতাংশ কিশোর-কিশোরী মোবাইল ফোন ব্যবহারের সুবিধাপ্রাপ্ত। বিবাহিত কিশোরীদের প্রায় অর্ধেক ও অবিবাহিত কিশোরীদের প্রায় এক- চতুর্থাংশের নিজস্ব মোবাইল ফোন আছে।
