কুকীর্তি আড়াল করতে না পেরে ডান্ডা-তন্ত্র চালু করেছে সরকার: রিজভী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৪ পিএম

দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি তলানিতে গিয়ে পৌঁছেছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন ক্ষমতাসীন সরকার কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে কোন রকমে বেঁচে আছে।

শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, দেশে এখন বর্তমান অবৈধ সরকারের আদিম হিংস্রতা শুরু হয়েছে। আজকের ঘটনায় আবারও প্রমাণিত হলো-আওয়ামী গুন্ডাবাহিনীর রাজত্ব কত ভয়ংকর। শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশের এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। আওয়ামী নাৎসি পুলিশ বাহিনীর পৈশাচিক এই হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণের অসংখ্য নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এতে অনেকে রক্তাক্ত হয়েছেন, লাঠিপেটা করে অনেকের হাত-পা ভেঙে দেয়া হয়েছে, গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাবেশ শুরুর সময় থেকেই পুলিশ বিনা কারণে উসকানি ও মারমুখী আচরণ করে।

তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই সরকারের ভাবমূর্তি এমন তলানিতে ঠেকেছে যে, জনগণের মনোযোগ ভিন্ন দিকে সরাতেই সরকার সিরিজ ষড়যন্ত্র শুরু করেছে। আজকে বিএনপির সমাবেশে পুলিশের আচরণ ছিল উদ্ধত, বেপরোয়া ও সন্ত্রাসী ক্যাডারদের মতো। বিএনপির সমাবেশের ওপর সরকার পুলিশকে যে লেলিয়ে দিয়েছে সেটির এক অমানবিক নিষ্ঠুর দৃশ্য দেশবাসী আবারও অবলোকন করল।

বিএনপির এই মুখপাত্র বলেন, কুকীর্তি নিয়ে দেশে-বিদেশে নানা জল্পনা-কল্পনা আড়াল করতে না পেরে সরকার বেপরোয়া ডান্ডা-তন্ত্র চালু করেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি-ছাত্রলীগ-যুবলীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর সেই বিখ্যাত উক্তি ‘একটি লাশের বদলে দশটি লাশ ফেলতে হবে’। শেখ হাসিনা একটি ‘মাফিয়া জেনারেশন’ তৈরি করতে চান বলেই বিরোধী দলের সভা-সমাবেশ, ভিন্ন মত ও চিন্তা সহ্য করতে পারেন না। আওয়ামী লীগের হৃদয় কখনোই মুক্ত ও উদার ছিল না। তাই র‌্যাব-পুলিশ ও গোয়েন্দা মেশিনারি দিয়ে গুম-খুন-মিথ্যা মামলা, হামলা, গ্রেপ্তার ও নিপীড়নের পথ বেছে নিয়েছে।

এ সময় তিনি প্রেসক্লাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতা–কর্মীদের ওপর পুলিশি হামলা, নেতা–কর্মীদের গুরুতর আহত ও গ্রেপ্তার করার ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক দলের সদস্যসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত