দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিতে যোগাযোগ করছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার ঢাকার বনানীতে নিজের কার্যালয়ে দলের সংসদ সদস্যদের এক সভায় এ কথা বলেন বলেন তিনি।
জিএম কাদের বলেন, দেশের মানুষ অত্যন্ত আগ্রহ ভরে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের তরুণ সমাজের সামনেও জাতীয় পার্টি অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া সমাজে ক্লিন ইমেজের বিশিষ্টজনেরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জাতীয় পার্টিতে যোগ দিতে যোগাযোগ অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে দেশের মানুষের কাছে জাতীয় পার্টির ইমেজ অত্যন্ত পরিচ্ছন্ন। তাই, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। তাছাড়া সংসদে ২৬ জন সদস্য নিয়ে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান জিএম কাদের।
সভায় আরও উপস্থিত ছিলেন, দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম প্রমুখ।
