মানুষের নজর ঘোরাতে খেতাব বাতিলের খেলা: সরোয়ার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৮ এএম

কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আলজাজিরায় প্রচারিত সংবাদ থেকে দেশের মানুষের নজর অন্যদিকে ফেরাতে সরকার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

তিনি বলেন, কারা আজ জামুকা চালায়? তাদের কি ক্ষমতা আছে জিয়াউর রহমানের খেতাবের ওপর হাত দেওয়ার?

শনিবার বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলটির এই যুগ্ম মহাসচিব। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল এই সমাবেশ করে বরিশাল নগর বিএনপি।

মজিবর রহমান সরোয়ার বলেন, আলজাজিরায় প্রচারিত সংবাদ থেকে দেশের মানুষের নজর অন্যদিকে ফেরাতে সরকার জিয়াউর রহমানের খেতাব বাতিলের এই অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধকালীন শেখ হাসিনার পরিবার পাকিস্তানিদের খাবার খেয়েছেন। জিয়াউর রহমানের পরিবার খায়নি। শহীদ রাষ্ট্রপতির খেতাব নিয়ে কোনো রকম ষড়যন্ত্র করা হলে হরতালের মাধ্যমে দেশ অচল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই শেখ মুজিবুর রহমানের হত্যাকরীদের সঙ্গে নিয়ে অবৈধভাবে দেশ শাসন করছেন। আওয়ামী লীগ নিজেরাই শেখ মুজিবুর রহমানকে দলীয়করণ করে বিভক্ত করে রেখেছে। আমরা তাকে একজন মুক্তিযুদ্ধের নেতা মনে করি। মুক্তিযুদ্ধকালীন আওয়ামী লীগের কোন নেতা রণাঙ্গনে যুদ্ধ করেছেন?

সরোয়ার অভিযোগ করে বলেন, সেদিন মোশতাকের মন্ত্রিপরিষদসহ ট্যাংকের ওপর যাদের দেখা গেছে, তারা বর্তমান সরকারের আপন হয়ে গেছে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, কিন্তু তাদের মূল্যবোধের কথা বুঝতে চায় না। তারা স্বাধীনতার ঘোষণাসহ সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে বীর উত্তম খেতাব পাওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করার খেলায় মেতে উঠেছে।

সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, যুগ্ম সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর মহিলা দল নেত্রী তাছলিমা কালাম পলি, মহানগর শ্রমিক দল সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু এবং মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম।

সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদ হোসেন। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত