বিয়ের তিন মাস না যেতেই আগুনে প্রাণ গেল দম্পতির

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৮ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার পশ্চিম কলেজপাড়া মহল্লায় রবিবার ভোরে আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে ইজিবাইক চালক সাইফুল ইসলাম (২২) ও তার স্ত্রী মনি বেগমের (১৮) মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বাড়ি উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে। তিনি স্ত্রী মনি বেগমকে নিয়ে মঠবাড়িয়া পৌরসভার পশ্চিম কলেজপাড়া মহল্লায় একটি কাঠের ঘরে ভাড়া থাকতেন। ভোরের দিকে ওই ঘরে আগুন লাগে।

এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা সাইফুল ইসলাম ও মনি বেগম আগুনে পুড়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করেন। আগুনে ঘরের পাশে থাকা দুটি ইজিবাইক পুড়ে যায়। তিন মাস আগে সাইফুল ও মনির বিয়ে হয়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সুমন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান আগুনে পুড়ে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত