স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে অনেক সুন্দর নগর দেখি। তখন স্বাভাবিকভাবে মনে হয় যদি আমাদের শহরটিও এমন হতো। তাদের শহর সুন্দর শুধু সরকার বা সিটি করপোরেশন করেনি। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলেই সম্ভব হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেই কেবল ঢাকা নগরীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’ গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ভালোবাসা দিবস একদিন, শহরকে ভালোবাসি প্রতিদিন’ প্রতিপাদ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে পয়োনিষ্কাশন ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, রাজউক, ঢাকা ওয়াসা, গৃহায়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, নগর পরিকল্পনাবিদ, স্থপতি. এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।
