অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি ভার্চ্যুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানিতে অংশ নেবেন।
দুদকের এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করার পর হাইকোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সে অনুসারে আত্মসমর্পণের পর তাদের গত ২৭ ডিসেম্বর জামিন দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। ওই জামিনাদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে অর্থ অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
একই বছরের ১১ নভেম্বর দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিরা হলেন- পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন প্রধান।
এদিকে অর্থ ও মানবপাচারের অপরাধে চার বছরের কারাদণ্ড পেয়ে কুয়েত কারাগারে আছেন লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল৷
