চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় ট্যাঙ্কার জাহাজের সঙ্গে সংঘর্ষে একটি কার্গোবোট ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।
সোমবার ভোর ৪টার দিকে আনোয়ারা উপকূলের পারকি সমুদ্র সৈকতের পশ্চিমে কর্ণফুলী নদীর মোহনার ৫নং বয়ার পাশে এ ঘটনা ঘটে। নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি দল উদ্ধার তৎপরতা চালালেও গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া বোটটি উদ্ধার করে বন্দরের প্রবেশমুখ থেকে সরানোর কাজ চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
নিখোঁজ বোটের মালিক কুতুবদিয়ার জাকারিয়া সওদাগর জানান, সোমবার ভোরে চট্টগ্রামের চাক্তাই থেকে মালামাল নিয়ে কুতুবদিয়া যাওয়ার পথে ঘন কুয়াশার কবলে পড়ে কার্গোটি।
এ সময় একটি ট্যাঙ্কার জাহাজের সঙ্গে সংঘর্ষে ৭০ লাখ টাকার মালামাল নিয়ে ডুবে যায় কার্গোটি। বোটের ১২ জন মাঝি-মাল্লার মধ্যে ৯ জনকে উদ্ধার করা গেলেও কুতুবদিয়ার মাঝি সাইদুল করিম (৬০), আবুল কাশেম (৫৮) ও মোহাম্মদ হোসেন (৫৫) এখনো নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান জানান, নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া বোটটি সরিয়ে নেওয়া হচ্ছে।
