নির্বাচনে প্রশাসন সরকারি দলের প্রার্থীদের সহায়তা করছে: জিএম কাদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৪ পিএম

সঠিক নির্বাচন ছাড়া গণতান্ত্রিক চর্চা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেছেন, বর্তমান সময়ে সরকারদলীয় প্রার্থীরা নির্বাচনে অর্থ ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন বাস্তবতায় প্রশাসন সহায়তা করছে সরকারি দলের প্রার্থীদের।

মঙ্গলবার দুপরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পল্লিবন্ধু পদক-২০২১ বাস্তবায়ন পরিষদের আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, এখন নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দিচ্ছে না প্রশাসন। ফলে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হতে পারে যাতে অপশক্তির উত্থান হওয়ার আশঙ্কা রয়েছে। কখনো কখনো অপশক্তির উত্থান অধিকার বঞ্চিত সাধারণ মানুষের সমর্থন পায়, যা কখনোই গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা হতে পারে না। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি। জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের-এর নেতৃত্বে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে দেশের মানুষকে মুক্তি দেবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত