ধর্ষণের আসামিকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা, আটক ৪

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪ পিএম

যশোরের মনিরামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত আল মামুন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মামুন ধর্ষণ মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এদিন সন্ধ্যা থেকে পুলিশ এলাকায় এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে। তবে পুলিশ দুজনকে আটকের কথা জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার খোজালীপুর গ্রামে। মোবাইল ফোন চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় মামুন। এ সময় গণপিটুনিতে সে গুরুতর আহত হয়।

নিহত আল মামুন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের খোজালীপুর গ্রামের মশিয়ার রহমানের একমাত্র ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনিচুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে আল মামুন এবং তার সহযোগী আরমান খোজালীপুর গ্রামে কৃষক আইনাল হোসেনের ছেলে আল আমিনের ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। এ সময় টের পেয়ে আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া করে আল মামুনকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। ওই অবস্থায় তাকে খোজালীপুর গ্রামের মধ্যপাড়ার মসজিদের সামনে ইমরান হোসেনের মুদিদোকানের বেঞ্চের ওপর ফেলে রাখা হয়। বুধবার সকালে মামুনের মা সকিনা বেগম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।

কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আহাদ আলী জানান, কয়েক বছর আগে বাকোশপোল এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে আল মামুন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

রাত নয়টায় এ রিপোর্ট লেখার সময় স্থানীয় ওয়ার্ড মেম্বর আনিচুর রহমান জানান, মামুন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার যুবককে পুলিশ আটক করেছে। তারা হলেন- খোজালীপুর গ্রামের আলতাফ হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন ও মিন্টু।

তবে মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম দুজনকে আটকের কথা জানিয়েছেন। তারা হলেন- আলতাফ হোসেন এবং সোহাগ হোসেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত