সাত কলেজের শিক্ষার্থীদের অনশন থেকে 'উঠিয়ে দিল' পুলিশ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অনশন থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ। তিন দফা দাবিতে ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও আমরন অনশনে বসেছিলেন তারা। বুধবার রাতে পুলিশ ছবি তুলে সেখান থেকে উঠিয়ে দেয় বলে অনশনরত শিক্ষার্থীরা জানান।  

তারা জানান, দীর্ঘদিন ধরে তারা তিন দফা দাবি নিয়ে সাত কলেজের সমন্বয়কের কাছে দাবি জানিয়ে আসছেন। বুধবার দুপুরে এসব দাবি নিয়ে তারা ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সঙ্গে দেখা করে। দুপুর ১২টায় অধ্যক্ষের সঙ্গে দেখা করলে তাদের দাবি মানা হবে না বলে জানান তিনি।

তারা বলেন, এরপর কলেজের দুই নম্বর গেটে অবস্থান নেন সাত কলেজের ৪০-৫০ শিক্ষার্থী। পুলিশের বাধায় দুই নম্বর গেট থেকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এসময় তাদের জানানো হয়, ঢাকা কলেজ ছাড়া অন্য ছয় কলেজের কোনো শিক্ষার্থী সেখানে অবস্থান করতে পারবে না ৷এরপর ঢাকা কলেজের শিক্ষার্থী পল্লব ও হায়দার দাবি আদায়ে অনশনে বসেন। অন্য কলেজের শিক্ষার্থীরা সেসময় পাশেই ছিলেন। 

অনশনে বসা শিক্ষার্থী হায়দার জানান, আমরা শান্তিপূর্ণ অনশন চালিয়ে যাচ্ছিলাম। পুলিশ এসে আমাদের ছবি তোলে ও ব্যানার নিয়ে যায়। আমাদের উঠে যেতে বলে তারা। এসময় কলেজের কয়েকজন শিক্ষক এসেও আমাদের ছবি তোলেন, ভয়ভীতি দেখান ও বিভাগে নিয়ে যেতে চান। এরপর আমাদের জোর করে উঠিয়ে দেওয়া হয়।

জানা গেছে, বুধবার ঢাকা কলেজে পরীক্ষা থাকায় নিরাপত্তার স্বার্থে সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ ছিল। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায়। 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের ফল ১১ মাস পর দেওয়া হয়। তিন বিষয় যারা অকৃতকার্য হয়েছে তাদের আর সময়ক্ষেপণ না করে বিশেষ পরীক্ষা নেয়া। চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা নিলেও সিলেবাস সংক্ষিপ্ত করা হয়নি। সিলেবাস সংক্ষিপ্ত করা, এবং সেমিস্টার পদ্ধতি চালু করা।

শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা ও উঠিয়ে দেওয়া বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুম বলেন, পরীক্ষা থাকার কারনে কলেজে আমাদের পুলিশ দায়িত্বে ছিল। কিছু শিক্ষার্থী ওখানে জমা হয়েছিল। পুলিশ তাদের সরে যেতে বলে। তারা সেখান থেকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, কিছু শিক্ষার্থী দুপুরে আমার সঙ্গে দেখা করেছে। অনশন কেন করেছে বা বাইরে কি হয়েছে জানি না। এসব বিষয়ে আমাদের কোনো কর্তৃত্ব নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত