সাতক্ষীরায় নৌকা ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের সন্ধান মেলেনি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১১ এএম

দুই দিন অতিবাহিত হলেও সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাহনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদে নৌকা ডুবে নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান মেলেনি।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই শ্রমিকদের  সন্ধান মেলেনি।

এদিকে সকালে জেলা প্রশাসক প্রতাপনগরের কল্যাণপুর এসে নিখোঁজ তিন পরিবারের মধ্যে মাথাপিছু ১০ হাজার টাকা, ৫০ কেজির এক বস্তা চাল ও একটি করে কম্বল তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা প্রমুখ। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ৬টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট থেকে একটি নৌকা ভাঙা নামক স্থানে যাওয়ার সময় প্রবল স্রোতে পড়ে উল্টে যায়। এতে নিখোঁজ হন শ্রমিক বাবুরালি সরদার, আবদুল আজিজ ও শফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত