কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানের কক্ষে সদস্যদের তালা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১১ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলার কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। গতকাল বুধবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের কক্ষে তালা দিলে চেয়ারম্যান তালা ভাঙার চেষ্টায় ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। পরে সেখান থেকে ফিরে হাতুড়ি দিয়ে চেয়ারম্যান তালা ভেঙে কক্ষে প্রবেশ করেন।

ওই ইউনিয়নের সদস্য গোলাম হোসেন, গিয়াস উদ্দিন, সরজিত সাহা অনল, ফরিদ মিয়া ও মঞ্জিল খাঁ জানান, চেয়ারম্যান প্রত্যেক বাড়ি থেকে ১০০ টাকা করে আদায় করে ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন। তাছাড়া নানিয়া ফেরিঘাট থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়া, চার বছর পাঁচ মাস ধরে ট্রেড লাইসেন্সের কোনো হিসাব-নিকাশ সদস্যদের না দেওয়া ও পরিষদের রেজুলেশন ছাড়া চেয়ারম্যান নয়টি গভীর নলকূপ তার আত্মীয়স্বজনের নামে তালিকা করেন। তাই সব সদস্য মিলে তালা লাগানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হবে বলেও তারা জানান।

কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলা বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত