সাতক্ষীরায় নৌকাডুবিতে একজনের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:১০ পিএম

সাতক্ষীরায় তিন দিনের মাথায় নৌকাডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতক্ষীরার উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, প্রতাপনগরে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিক বাবর আলীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

মঙ্গলবার সকালে কুড়িকাহনিয়ায় নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ডুবুরিরা কপোতাক্ষ নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে।

গড়ুইমহল খালের যেখানে নৌকা ডুবে গিয়েছিল কপোতাক্ষ নদের ঠিক  উল্টো পারে চর থেকে মরদেহটি উদ্ধার হয়।

পাড়ে আনার পর স্থানীয়রা নিশ্চিত করেন, মরদেহটি বাবর আলী সরদারের (৪৫)। এখন নিখোঁজ আব্দুল আজিজ ও শফিকুল ইসলামের সন্ধানে কাজ করে যাচ্ছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত