বরিশালের সমাবেশে যেতে ইশরাককে পুলিশি বাধার অভিযোগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৩ পিএম

ঢাকা থেকে গাড়িবহর নিয়ে বরিশালের সমাবেশে যেতে ফেরিঘাটে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার ভোরে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পর সোয়া সকাল ১০টির দিকে গাড়িবহর মাওয়া ফেরিঘাট পৌঁছালে পুলিশ বাধা দেয় বলে সাংবাদিকদের জানান ইশরাক হোসেন। 

ইশরাকের সহকারী সুজন মাহমুদ জানান, মাওয়া ফেরিঘাটে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনের গাড়িবহর পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। গাড়ির চালকদের ভয়ভীতি দেখিয়ে গাড়ি রেখে চলে যেতে বাধ্য করা হয়। পরে ট্রলারে করে বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন ইশরাকসহ নেতাকর্মীরা। 

তিনি অভিযোগ করে বলেন, মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন ও তার সঙ্গীরা পৌঁছালে ঘাট এলাকার সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয় এক নেতার গাড়ি নিয়ে সমাবেশের উদ্দেশে রওনা দেন ইশরাক। 

বিআইডব্লিউটিএর শিমুলিয়াঘাটের সহকারী পরিচালক শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, সকাল থেকে ফেরি বন্ধের কারণে লঞ্চঘাটে একটি বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে, কিছুক্ষণ আগে ধীরে ধীরে কয়েকটি ফেরি চলছে। বিএনপি নেতাকর্মীদের আলাদা করে দেখার কোনো বিষয় এখানে নেই। সব যাত্রীদেরকে পার করা হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুপুর ১টার দিকে দেখা গেছে ঘাট এলাকায় সাত শ গাড়ি পারের অপেক্ষায় আছে। সকাল থেকে ফেরি কম চলাচল করেছে বলেও জানান তিনি।

বিএনপি সূত্র জানায়, সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী। বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে বৃহস্পতিবার দুপুরে সমাবেশ শুরু হয়। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে পূর্বঘোষিত ছয় সিটিতে সমাবেশের প্রথম কর্মসূচি হচ্ছে বরিশালে। সমাবেশে দেশের ছয় সিটি করপোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বুধবার সন্ধ্যায় জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত