অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, মামলার আসামি ৩ শতাধিক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৬ পিএম

সিলেট নগরীর চৌহাট্টায় মাইক্রোবাস-প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার বাদী পুলিশ এবং অন্য মামলাটি করেছে সিটি করপোরেশন। গত বুধবার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলাগুলো করা হয়।

কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, সংঘর্ষের সময় চৌহাট্টা থেকে অস্ত্রসহ আটক ফয়সল আহমদ ফাহাদকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেছেন থানার এসআই মোস্তাফিজুর রহমান।

এছাড়া পুলিশ অ্যাসল্টের ধারায় এসআই আবদুল মান্নান বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় সিলেট সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাস বাদী হয়ে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছেন। এ মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। ওসি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নগরীর চৌহাট্টায় সড়ক দখল করে গড়ে ওঠা মাইক্রোবাস-প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে গত বুধবার সিটি করপোরেশনের কর্মচারী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ১৫-২০টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের পর বুধবার রাতে পরিবহন শ্রমিকরা দক্ষিণ সুরমার চণ্ডিপুল ও ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা অবরোধ চলাকালে মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। দুর্ভোগ পোহান যাত্রীরা। পরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম চৌহাট্টায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আগামী সোমবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন।

এ সময় তিনি বলেন, আগামী রবিবারের মধ্যে মাইক্রোবাস-প্রাইভেট কারের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দিলে এবং পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ না করলে সোমবার থেকে ধর্মঘট চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত