কমলগঞ্জের শমসেরনগর

প্রাচীর ভেঙে শহীদ মিনার চত্বরে অটোরিকশা স্ট্যান্ড

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০১:১২ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের বিমানবন্দর সড়কের শহীদ মিনারের প্রাচীর ভেঙে চত্বরে গড়ে তোলা হয়েছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। শুধু তাই নয়, অটোরিকশার চালকরা শহীদ মিনার চত্বরে যত্রতত্র শৌচকর্ম করায় দুর্গন্ধে সড়ক দিয়ে চলাচল করাও যায় না।

জানা যায়, প্রায় আট মাস আগে হঠাৎ করে শমসেরনগরের ডাকঘরের সামনের এ শহীদ মিনারের পূর্বদিকের সীমানা প্রাচীর ভেঙে শহীদ মিনার চত্বরে প্রবেশ করানো হয় বেশকিছু সিএনজিচালিত অটোরিকশা। সারাদিন এখানে থাকে ২০-২৫টি অটোরিকশা। একই সঙ্গে শমসেরনগর ডাকঘরের প্রবেশ ফটকের সামনেও থাকে অটোরিকশার দীর্ঘ সারি। এ অবস্থায় ডাকঘরে লোকজনের প্রবেশ ও রেলওয়ে স্টেশনে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন করে নির্মাণ করা শহীদ মিনারে এবার প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানোর কথা। অথচ তার আগেই উত্তর বাজার অটোরিকশা চালক সমিতি শহীদ মিনারের চত্বরে গড়ে তুলেছে তাদের স্ট্যান্ড।

শমসেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমেদ জানান, তিনি জানেন না কীভাবে সিএনজি চালকরা শহীদ মিনারের চত্বরে স্ট্যান্ড গড়ে তুলেছে।

সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডটির সভাপতি মোস্তফা মিয়া জানান, কোনো অনুষ্ঠান হলে নিজ উদ্যোগে সিএনজি সরিয়ে পরিষ্কার করে দেন। শনিবারও (আজ) পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেবেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক দেশ রূপান্তরকে বলেন, শহীদ মিনারে পরিবহনের স্ট্যান্ড থাকতে পারে না। আগামীকাল (আজ শনিবার) সেখানে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত