২ সন্তানসহ মা হত্যা: সৎ ছেলে ও সতিনকে আসামি করে মামলা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫ এএম

সিলেটে দুই সন্তানসহ মাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ওই নারীর সৎ ছেলে ও সতিনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত নারীর ভাই আনোয়ার হোসেন শাহপরান থানায় মামলাটি করেন।

নগরীর শাহপরান থানার মীর মহল্লা আবাসিক এলাকার একটি বাসায় আবদাল হোসেনের দ্বিতীয় স্ত্রী রুবিয়া বেগম (৩০), মেয়ে মাহা বেগম (৯) ও ছেলে তাহসান (৭) গত বৃহস্পতিবার মধ্যরাতে খুন হন। ঘটনাস্থল থেকে রুবিয়া বেগমের সৎ ছেলে আবাদ হোসেনকে (১৭) একটি রক্তমাখা ছোরাসহ আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আবাদ তার সৎ মা ও সৎ ভাইবোনকে হত্যার কথা স্বীকার করে। পরে শুক্রবার রাতে রুবিয়া বেগমের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে আবাদ হোসেন ও তার মা সুলতানা বেগমকে (৪৫) আসামি করে মামলা করেন।

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মামলায় আবাদকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সুলতানা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি জানান, মামলায় সুলতানা বেগমের বিরুদ্ধে সতিন রুবিয়া বেগম ও তার দুই সন্তানকে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার আষ্টঘরী গ্রামের আবদাল হোসেন দুটি বিয়ে করেছেন। পেশায় তিনি একজন মোদি দোকানি। তার প্রথম স্ত্রী দুই সন্তানকে নিয়ে বিয়ানীবাজারে গ্রামের বাড়িতে থাকেন। আর আবদাল তার দ্বিতীয় স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে শাহপরান থানার মীর মহল্লার ৯ নম্বর বাসায় ভাড়ায় থাকতেন। কয়েক মাস আগে প্রথম পক্ষের সন্তান আবাদ হোসেনকেও তিনি সিলেটের বাসায় আনেন। এরপর গত বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত