যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক অস্ত্রের দোকানে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন।
স্থানীয় শেরিফের বরাত দিয়ে বিবিসি জানায়, বন্দুকের দোকানে এক ব্যক্তি গুলি চালায়। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। সে মুহূর্তে দোকানের ভেতরে থাকা অন্য ব্যক্তিরাও তাদের নিজেদের বন্দুক থেকে গুলি ছুড়ে।
এ ঘটনায় হামলাকারীসহ মোট তিনজন নিহত হয়। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
কর্মকর্তারা জানাচ্ছেন, নিউ অর্লিন্সের উপকণ্ঠে জেফারসন গান আউটলেটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেফারসন প্যারিশের শেরিফ জোসেফ লোপিনতো বলেন, ‘যা বোঝা গেছে, ওই জায়গায় কয়েক ধরনের বন্দুকধারী ছিল, হয় তারা কাস্টমার, নয় কর্মচারী বা আলাদা কোনো ব্যক্তি।’
শনিবার বিকেলের ওই ঘটনার প্রত্যক্ষদর্শী টাইরন রাসেল বলেন, ‘আমরা গুলির শব্দ এবং চিৎকার শুনতে পাই। এরপর যখন পুলিশ আসে, তারা আমাদের দোকানের বাইরে নিয়ে যায়। ভেতরে সবখানে কাচের টুকরো পড়ে ছিল, এটা সত্যিই ভয়াবহ এক দৃশ্য ছিল।’
শেরিফ অফিস থেকে জানানো হয়, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।
