সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত করোনার টিকা পেতে বিদেশে সরকারগুলোকে ধৈর্য ধরতে বলেছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, টিকা পেতে অপেক্ষায় থাকা বাইরের দেশগুলোর প্রতির রবিবার এ অনুরোধ করে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
সেরাম বলছে, ভারতের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট, যার নাম ‘কোভিশিল্ড’।
পুনেভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক টুইটে বলেন, ‘দয়া করে ধৈর্য ধারণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি।’
তিনি জানান, ভারতের বিপুল প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেরামকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাকি বিশ্বের প্রয়োজনীয়তার সঙ্গে ভারসাম্য রাখতে বলা হয়েছে।
আদর পুনাওয়ালা বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছি।’
দামে তুলনামূলক সস্তা হওয়ায় সেরামের উৎপাদিত টিকার ওপর নির্ভর করছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ও ব্রাজিলও।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে যুক্তরাজ্যে এ টিকার প্রথম অনুমোদন দেয়। পরে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশ টিকাটির অনুমোদন দেয়। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে এ টিকার ব্যবহার শুরু হয়েছে।
