‘নিজ দায়িত্বে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে উঠবেন না বলে তাদের প্রতি আস্থা রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা খুবই দায়িত্বশীল। আপনাদের কাছ থেকেও দায়িত্বশীল সহযোগিতা আশা করি। মহামারি পরিস্থিতিতে যেন আমরা আরো ধৈর্য ধরে, সহনশীল হয়ে দায়িত্বশীলভাবে এগোই। তাহলে মহামারির ঝুঁকি কমবে, জীবনের নিরাপত্তা হুমকির মুখে থাকবে না। আমাদের শিক্ষার্থীদের ওপর আস্থা আছে।’
উপাচার্য আরো বলেন, ‘আমাদের একাডেমিক কাউন্সিল ১৩ মার্চ স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে। সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সিদ্ধান্ত, মহামারি পরিস্থিতি, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া, আমাদের পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয়ে আলোচনা করতে হবে। একাডেমিক কাউন্সিলে আলোচনা করে সরকারের সিদ্ধান্তের তথ্যগুলো নেব। শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার সরকারি সিদ্ধান্ত, হলে ওঠানো, পরীক্ষা নেওয়া এসব বিষয়ে এর আগে একাডেমিক কাউন্সিলের নেওয়া সিদ্ধান্তগুলোর আলোকে আমাদের পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে হবে।’
শিক্ষার্থীদের হল খোলার দাবির বিষয়ে উপাচার্য আকতারুজ্জামান বলেন, ‘আশা করি, আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা সরকারের একটি মহৎ সিদ্ধান্ত।’
১৭ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে—শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হল খুলে দেওয়ার দাবিতে সোমবার বিকেলে তারা উপাচার্যকে স্মারকলিপি দেন। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও অমর একুশে হলে শিক্ষার্থীদের একটি অংশ উঠে পড়েন।
