নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের কোম্পানীগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও অংশ নেন। এ সময় কর্মসূচি থেকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :
ফেনী : সোনাগাজী জিরো পয়েন্ট শাহাজাহান কমপ্লেক্সের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সাংবাদিক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সফি উল্লাহ রিপন, জাবেদ হোসাইন মামুন, আমজাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া : গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন হয়। মানবাধিকার ও গণমাধ্যমকর্মী হাসান আলীর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল সেখ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু, আলমামুন সাগর প্রমুখ।
লক্ষ্মীপুর : রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়া প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ তা নিরসন করবেন। এটাই স্বাভাবিক। কিন্তু কতিপয় পদলেহনকারী সংবাদকর্মী, রাজনীতিবিদ ও কুচক্রী মহলের কারণে আজ সারা দেশের সাংবাদিকরা দ্বিধাবিভক্ত। আর এ সুযোগ গ্রহণ করে একটি মহল সাংবাদিকদের ওপর হামলা করছে, মামলা করছে, এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে।
বাঁশখালী (চট্টগ্রাম) : গতকাল সকালে বাঁশখালী প্রেস ক্লাবের আয়োজনে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন হয়। কর্মসূচিতে বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক দিলীপ তালুকদারসহ অনুপম কুমার অভি, কল্যাণ বডুয়া মুক্তা, আবদুল মতলব কালু, শাহ মো. শফিউল্লাহ, আবদুল জব্বার, আবু বক্কর বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারী : গতকাল সকালে ডিমলা উপজেলা শহরের স্মৃতি অমøান চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার জাহান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
