যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের ফোনালাপ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার দুপুরের পরে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ব্লিনকেন এবং মোমেন অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।

দুই নেতা বার্মা (মিয়ানমার), রোহিঙ্গা শরণার্থী সংকটের একটি টেকসই সমাধান এবং শ্রম ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া উভয় নেতা দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত