মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১০ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নাগেরচর গ্রামে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে মঈনউদ্দিন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ সময় অপর আরেক নির্মাণ শ্রমিক তারেক (২৬) আহত হয়। সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের মোস্তফা প্রধানের বাড়িতে নির্মাণাধীন ভবনের দ্বিতীয়তলার ছাদ ঢালাই কাজ করার সময় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মোস্তফা প্রধানের চাচাতো ভাই জাবেদ মিয়া জানান, সকাল থেকেই তার চাচাতো ভাই মোস্তফা প্রধানের ভবনের দ্বিতীয় তলার ছাদের ঢালাই কাজ চলছিল।

এ সময় ১৭-১৮ জন শ্রমিক ঢালাই কাজ করছিল। কাজ চলার একপর্যায়ে নির্মাণাধীন ভবনের পার্শ্ববর্তী পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন দুই নির্মাণ শ্রমিক।

এতে আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মঈনউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক তারেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাবেদ মিয়া দাবি করেন, ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ শুরুর আগেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। কাজ শুরুর দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধও ছিল। আকস্মিক বিদ্যুৎ সরবরাহ চালু করায় ওই দুর্ঘটনা ঘটেছে।

তবে কুমিল্লা পল্লী বিদ্যুতের গজারিয়া জোনাল অফিসের ডিজিএম জহিরুল করীম দাবি করেন, ভবনের কাজ করার আগে তাদের জানানো হয়নি। তিনি বলেন, আমাদের আগে থেকে জানালে অবশ্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতাম। এমনিতেই নাগেরচর গ্রামে অপরিকল্পিতভাবে অনেকেই বিদ্যুৎ সংযোগ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত