সিঙ্গাপুর থেকে বিমানবন্দরে নেমে হুইল চেয়ারে উঠলেন মির্জা ফখরুল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫০ পিএম

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে নেমে তাকে হুইল চেয়ারে উঠতে দেখা যায়। নিজের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান তিনি। 

শরীরের অবস্থা কেমন প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘ভালো না। আই অ্যাম সিক। আমি অসুস্থ, এখনো সুস্থ নই। সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে তারপরে ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করে ফিরছি।’

সিঙ্গাপুরে টিকা দিয়েছেন কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘সিঙ্গাপুরে বিদেশীদের টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখানে দেখব কী অবস্থা। রেজিস্ট্রেশন করে তখন চেষ্টা করব।’

সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফেরেন। বিমানবন্দরের টার্মিনালের হুইল চেয়ারে করে গাড়ির কাছে আসেন। হুইল চেয়ারে বসেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

সাংবাদিকদের তিনি বলেন, ‘খেতাব কেড়ে নিয়ে  মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি আগে বলেছি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্ত কখনোই দেশের মানুষ মেনে নেবে না, এটা গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষের কাছে। জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করে দেখাতে চাইলে খাটো করে দেখাতে পারবে না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ জিয়াউর রহমান বীর উত্তম খেতাব অর্জন করেছেন। এটা কারো দয়ায় পাওয়া নয়। যুদ্ধ করেছেন উনি এবং সেটা উনি পেয়েছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন উনি সেটা অর্জন করেছেন। সুতরাং এটা নিয়ে আমরা মনে করি যে, জিয়াউর রহমানের কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবে না।’

সদ্যপ্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যংকের সাবেক গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, ‘সৈয়দ আবুল মকসুদ আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি তার মৃত্যু সংবাদে। খোন্দকার ইব্রাহিম খালেদ নিঃসন্দেহে এই দেশের একজন মানুষ যাকে বলা যেতে পারে যে, এ ম্যান অব ইন্ট্রিগ্রেটি, ম্যান অব অনেস্টি অ্যান্ড ডিগনিটি। ব্যাংকিং সেক্টারে তিনি একজন দিকপাল ছিলেন। দুই জনের মৃত্যুতে জাতি দুই জন অত্যন্ত যোগ্য মানুষকে হারালো।’

গত ৩০ জানুয়ারি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। সেখানে ফারার পার্ক হসপিটালে তার চিকিৎসা হয়।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে তার চিকিৎসা করেন ৭৩ বছর বয়েসী ফখরুল। এর চিকিৎসা বাংলাদেশ না থাকায় প্রতি বছরই ফলোআপ করতে তাকে সিঙ্গাপুর যেতে হয়। সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবরে তিনি সিঙ্গাপুর যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত