বগুড়ায় দুদকের মামলা

মেয়র প্রার্থী মান্নানকে গ্রেপ্তারের নির্দেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২১ এএম

বগুড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৩১ কোটি টাকা দুর্নীতির মামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন (দুদক) করা মামলায় এই নির্দেশ দেন বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ। দুদকের আইনজীবী জানান, এসআইবিএলের ৩১ কোটি টাকা দুর্নীতির মামলায় গতকাল চার্জ গঠনের দিন ধার্য ছিল। এতে আব্দুল মান্নান আকন্দ অনুপস্থিত থাকার জন্য আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট জারি করে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৩ অক্টোবর থেকে ২০১১ সালের ৩ নভেম্বর পর্যন্ত একটি সংঘবদ্ধ জালিয়াত ও অপরাধী চক্র পরস্পর যোগসাজশ করে ব্যাংকের গ্রাহকদের হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। ওই ঘটনার অন্যতম হোতা হিসেবে ব্যাংকের বগুড়া শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) রফিকুল ইসলাম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সাময়িক বরখাস্ত) আতিকুল কবির, বগুড়া শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) মাহবুবুর রহমান জড়িত বলে চিহ্নিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত