বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৫তম জন্মবার্ষিকী গতকাল শুক্রবার তার জন্মস্থান নড়াইলের নূর মোহাম্মদ নগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, র্যালি, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের বসতভিটায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধারা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পরে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও মুক্তিযুদ্ধের ওপর কুইজ অনুষ্ঠিত এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া নূর মোহাম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
