রাজৈরে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৬ পিএম

মাদারীপুরের রাজৈরে একই দিনে একই গ্রামে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের গ্রাম পুলিশ গৌতম ভক্তের ছেলে সুজন ভক্ত (২) ও একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় (৭)।

শুক্রবার বিকেল ও সন্ধ্যায় ওই গ্রামে এই ঘটনা ঘটে। একই গ্রামের দুইটি শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম ভক্তের যমজ দুই ছেলে রিপন ভক্ত ও সুজন ভক্ত বাড়ির কাছের পুকুর পাড়ে খেলতে গেলে অকস্মাৎ দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের দুই ভাইকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায়  উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজন ভক্তকে মৃত বলে জানান। তবে রিপন ভক্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, সন্ধ্যায় একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় বিকেলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে অঙ্কুশকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হাওলাদার জানান, পানিতে ডুবে দুইটির শিশুর মৃত্যুর সংবাদ শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম এবং শোকাহত পরিবার দুইটিকে সান্ত্বনা দিয়েছি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদী জানান, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি শনিবার সকালে জেনেই ফোর্স পাঠিয়েছি এবং আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত