মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ নিষেধ পুলিশের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৯ পিএম

মোটরসাইকেলে করে এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারবেন না পুলিশ সদস্যরা। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ আবদুল্লা-হীল বাকী স্বারিত একটি নির্দেশনা জারি করা হয়।

ওই নির্দেশনায় বলা হয়, পুলিশ সদস্যদের এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেলে করে যাতায়াত করতে পারবে না। সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্যরা প্রায়ই সরকারি বা ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত বা মারা যাচ্ছেন।  আর এ কারণে সরকারি কাজে বা ছুটিতে কিংবা ব্যক্তিগত কাজে মোটরসাইকেল করে এক জেলা থেকে অন্য জেলায় না যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

নির্দেশে আরো বলা হয়, এ নির্দেশ অমান্য করলে এটিকে মারাত্মক আইনশৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য করবে পুলিশ প্রশাসন। এক্ষেত্রে পুলিশ সদস্যদের গণপরিবহন ব্যবহার করতে হবে।

ইউনিট প্রধানদের বিষয়টি আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত