ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল

শুরু হচ্ছে বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন

আপডেট : ০২ মার্চ ২০২১, ০৫:০৭ এএম

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত ৫৭টি দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা ওআইসি ইয়ুথ  ক্যাপিটাল ২০২০-২০২১ : বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন’। ওআইসি কর্র্তৃক বাংলাদেশের রাজধানী ঢাকাকে ‘ওআইসির যুব রাজধানী ২০২০’ ঘোষণা উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগ্রহী শিল্পীরা www.dhaka.oicyouthcapital.com/bangabandhu-youth-art-competion থেকে নিবন্ধন করতে পারবেন, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই প্রতিযোগিতার আয়োজন করছে। সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল এবং ইস্তাম্বুলভিত্তিক ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওয়াইএফ)।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন, ইসলামিক সহযোগিতা যুব ফোরামের (আইসিওয়াইএফ) প্রতিনিধি ফারদিলা ড্রাইন প্রমুখ।

এ সময় জানানো হয়, ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদযাপনের জন্য বছরব্যাপী আটটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, এশিয়ার বাকি অংশ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ ও অস্ট্রেলিয়া এই ছয়টি অঞ্চলে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

অঞ্চলভিত্তিক শিল্পকর্ম নির্বাচন ও আঞ্চলিক পুরস্কার ঘোষণা করা হবে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিলের মধ্যে। ছয় অঞ্চলের চারটি বিভাগের পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের শিল্পকর্মের পাশাপাশি নির্বাচিত ১০০টি চিত্রকর্ম নিয়ে আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত