আজ ভাসানচর যাচ্ছেন আরও ২২০০ রোহিঙ্গা

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৪৫ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ২ হাজার ২০০ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাদের নিয়ে ৪০টি বাস রওনা হয়। চট্টগ্রামে ট্রানজিট শেষে আজ বুধবার রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছবে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দৌজা।

তিনি বলেন, ‘পঞ্চম দফায় প্রায় চার হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছেন। আজ (গতকাল) তাদের একাংশ নিয়ে ৪০টি বাস উখিয়া ছেড়েছে। বুধবারও প্রায় একই সংখ্যক রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া ছাড়তে পারেন।’

সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নিবন্ধন শেষে গতকাল মিনিবাসে উখিয়া কলেজ মাঠের ট্রানজিট ক্যাম্পে আনা হয়। সেখানে সকাল ও দুপুরের খাবার শেষে তাদের বাসে উঠানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বাসে রোহিঙ্গা সদস্য, ১১টি কাভার্ড ভ্যানে তাদের মালামাল ও দুটি অ্যাম্বুলেন্স কড়া নিরাপত্তায় চট্টগ্রামের উদ্দেশে উখিয়া ছেড়ে যায়।

কয়েকজন রোহিঙ্গা মাঝি জানান, ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা সেখানকার পরিবেশ ও থাকা-খাওয়ার সুবিধা সম্পর্কে জানানোর পর ক্যাম্পের অনেকেই রাজি হচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল একাংশ ভাসানচর গেলেন বলে জানান তারা।

মোহাম্মদ সামছু-দৌজা বলেন, ইতিমধ্যে ১০ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে গেছেন। সেখানে তারা অনেক ভালো পরিবেশে বসবাস করছেন। সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকার পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত