বিক্রয় প্রতিনিধির আঙুল কেটে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৪৫ এএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আল আমিন (২২) নামে এক ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের (বিক্রয় প্রতিনিধি) দুই হাতের আঙুল কেটে প্রায় ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ৮টার দিকে চলমান সিএনজিতে এ ঘটনা ঘটে। তিনি এসকেএফ ওষুধ কোম্পানীর সেলস রিপ্রেজেন্টেটিভ।

স্থানীয়রা এসআর আল আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ওষুধ প্রতিনিধি আল আমিন ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালের এসআর আল আমিন প্রতি মাসের মতোই ওই দিন রাতে মাস শেষের ক্রেডিট বিল ও ওষুধ বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ড থেকে সিএনজিযোগে দ্বারিয়াকান্দির উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে সিএনজিতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা প্রথমে সিএনজির ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার মুখ বেঁধে দুই হাতের বেশ কয়েকটি আঙুল কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় এসআর আল আমিনের সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুবৃত্তরা। এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত