ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ভূমিতে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত শুরুর বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ফোন করে তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছে এএফপি।
হোয়াইট হাউজে দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হ্যারিস। আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ঘোষণা দেওয়ার একদিন পরেই তিনি ফোন করেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ও হ্যারিস উভয়েই তাদের সরকারের পক্ষ থেকে ইসরায়েলি কর্মকর্তাদের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারিক প্রচেষ্টার বিরোধিতার কথা উল্লেখ করেছেন।
