শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর একটি মেসে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী গোসলের উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে। এ সময় অজ্ঞাতনামা এক যুবক বাথরুমের জানালার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করতে থাকে। হঠাৎ বাথরুমের ভেন্টিলেটরের দিকে ফোনের ফ্লাশ লাইটের আলো জ্বলতে দেখলে ওই ছাত্রী চিৎকার দেন। এ সময় অজ্ঞাতনামা ওই যুবক দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশি সহায়তায় সন্দেহভাজন কয়েকজনকে জেরা করলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আবু হেনা পহিল দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এমনকি ওই বাসার বেশ কিছু ফোন চেক করি। পরে পুলিশকে ফোনগুলো দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নিবে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান দেশ রূপান্তরকে বলেন, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক আমরা পুলিশ ফোর্স পাঠায় সেখানে। ওই বাসার বেশ কয়েকজনের ফোনের ভিডিও আমরা চেক করেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভিকটিমের তরফ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ইনায়া মেনশনের ৪র্থ তলায় তালা ভেঙে ছাত্রীর রুমে প্রবেশের চেষ্টায় বহিরাগত এক যুবককে আটক করা হয়।
১৯ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সুবিদ বাজারস্থ নূরানী পুকুরপারের ১০/৯ ত্রয়ী কুঠিরে ছাত্রীদের ল্যাপটপ, নগদ টাকা এবং জুয়েলারিসহ অন্যান্য জিনিস চুরির ঘটনা ঘটে।
এছাড়াও বিগত বেশ কয়েক মাস থেকে ছাত্রীদের বিভিন্ন মেসে এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
