ইসলামী বিশ্ববিদ্যালয়

নিষেধাজ্ঞার পরদিনই বহিরাগত নিয়ে ছাত্রলীগের কর্মসূচি

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০২:০৮ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগতদের নিয়ে কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগ। গতকাল রবিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তন্ময় সাহা টনির নেতৃত্বে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগের একাংশ।

এর আগে গত শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইবি প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এ নির্দেশনার ২৪ ঘণ্টা না পেরোতেই বহিরাগতদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতা টনি। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টনি বহিরাগতদের নিয়ে নির্বিঘ্নে কর্মসূচি পালন করলেও ছাত্রলীগের অন্য অংশের নেতা শাহজালাল ইসলাম সোহাগকে বাধা দেওয়া হয়। সোহাগের এক কর্মী জানান, অছাত্রদের নিয়ে টনি ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছে। কর্র্তৃপক্ষ নীরব থেকেছে। এভাবে চলতে থাকলে নিষেধাজ্ঞা কাগজেই সীমাবদ্ধ থাকবে।

তন্ময় সাহা টনি দেশ রূপান্তরকে বলেন, ‘বিবাহিতরা ছাত্রলীগ করে সব কর্মসূচির সামনে থাকতে পারলে; আমি কেন বহিরাগত নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারব না? ৭ মার্চ জাতীয় কর্মসূচি, এদিন ছাত্রলীগের সব নেতাকর্মীর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের অধিকার রয়েছে।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে বহিরাগত কেউ এসে ক্যাম্পাসে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটালে তার দায়ভার তাদেরই। তবে এখন থেকে বহিরাগত ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত