সৌদি আরবের রাস তানুরা এলাকায় আরামকো তেল স্থাপনায় রবিবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরপর সোমবার তেলের দাম ব্যারল প্রতি রেকর্ড ২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিবিসি জানিয়েছে, গত এক বছরের ভেতর এত দাম আর দেখা যায়নি।
হুতিরা বলেছে, তারা সৌদি আরবের দাম্মাম, আসির ও জাজান এলাকায় সৌদি সেনা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় বলেছে, রাস তানুরায় তেল সংরক্ষণাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ‘সৌদি আরবের পূর্বাঞ্চলে রাস তানুরা বন্দরে পেট্রোলিয়াম ট্যাংক এলাকায় সাগর থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল বন্দর।’
বার্তায় আরও বলা হয়েছে, ধাহরানে আরামকোর আবাসিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শার্পনেল এসে পড়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই নাশকতা শুধু সৌদি আরবের বিরুদ্ধেই নয়, এটি বিশ্ব জ্বালানি সরবরাহের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর হামলা। তথা বিশ্ব অর্থনীতির ওপর হামলা।’
হুতি সেনাদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা ১৪টি ড্রোন ও আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
