উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে ‘পেটালেন’ কাদের মির্জা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০৯:২৬ পিএম

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ ওঠেছে।

সোমবার বিকাল ৫টার দিকে বসুরহাট পৌরসভার রূপালী চত্ত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান দলীয় কার্যালয়ের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ করে আবদুল কাদের মির্জা, তার ছোট ভাই শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী খিজির হায়াতকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে মির্জা কাদের খিজির হায়াত খানের পাঞ্জাবি ধরে তাকে বাইরে নিয়ে আসেন। মারধরে খিজির হায়াতের পাঞ্জাবি ছিঁড়ে যায়। এ সময় খিজির হায়াতকে ভবিষ্যতে বসুরহাট বাজারে আসতে নিষেধ করেন কাদের মির্জা।

খিজির হায়াত খান জানান, মির্জা যেভাবে তাকে মারধর করেছে মনে হলো আমি পকেটমার। তিনি আমাকে লাথি, কিল, ঘুষি মেরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ কোনো সহযোগিতা করে নাই।

তবে অভিযোগের বিষয় জানতে মেয়র আবদুল কাদের মির্জাকে ফান করা হলেও তিনি ধরেননি।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি দেশ রূপান্তরকে বলেন, খিজির হায়াত সাহেবের ওপর হামলা হয়েছে। কাদের মির্জার পক্ষের শ’খানের নেতাকর্মী সেখানে হামলা চালিয়েছে। খিজির হায়াত হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত