ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের তথ্যযাচাই কার্যক্রম ‘ফ্যাক্টওয়াচ’ বাংলাদেশের প্রথম তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে। পয়েন্টার ইনস্টিটিউট অব জার্নালিজমের অঙ্গ-সংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এই স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে ফ্যাক্টওয়াচ প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বজুড়ে ৮৫টি সক্রিয় আইএফসিএন স্বীকৃত তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের তালিকায় নাম লেখাল। এই তালিকায় বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয় এমন তথ্য-যাচাই কার্যক্রমের সংখ্যা মাত্র দু’টি।
পয়েন্টারের তথ্য-যাচাই কার্যক্রম পলিটিফ্যাক্ট ২০০৯ সালে পুলিৎজার পুরস্কার পাওয়ার পর থেকে ফ্যাক্ট চেকিং বা তথ্য-যাচাই সাংবাদিকতায় একটি গ্রহণযোগ্য ধারা হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী স্বাধীন ও মানসম্মত তথ্য-যাচাই কার্যক্রম পরিচালনা এবং পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে ২০১৫ সালে আইএফসিএন প্রতিষ্ঠিত হয়। এটি যে কত জরুরি উদ্যোগ ছিল, তারই প্রমাণ মেলে এ বছর তার নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন পাওয়ার ঘটনায়।
আইএফসিএন মূলত পাঁচটি নীতির ভিত্তিতে কোনো তথ্য যাচাইকারী উদ্যোগকে স্বীকৃতি দেয়। এগুলো হলোÑ নিরপেক্ষতা এবং ন্যায্যতা, তথ্যের উৎসের গুণগতমান ও স্বচ্ছতা, অর্থায়ন ও সংস্থার স্বচ্ছতা, যাচাই পদ্ধতির মান এবং স্বচ্ছতা, উন্মুক্ত এবং সৎ সংশোধন নীতি। বিজ্ঞপ্তি।
