বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ব্রিটিশ সাম্রাজ্য যখন তার শেষ প্রান্তে, তাদের অবসান হতে যাচ্ছে তখন একজন শিক্ষাবিদ এ দেশে এসেছিলেন। উনার একটা অমর উক্তি আছে, “ভারতীয়রা গায়ের রঙে ভারতীয় থাকবে, কিন্তু আচার ব্যবহার সর্বক্ষেত্রে সাহেবদের মতো ব্যবহার করবে।” আজকে ভারত যে চক্রান্ত করছে, তা আমরা মুক্তিযুদ্ধের সময়ে টের পেয়েছিলাম। ওই সময়ে খালেদ মোশাররফ আমাকে বলেছিলেন যে ভারতের বাইরে গিয়ে যুদ্ধ না করলে আমরা কিন্তু সিকিম হয়ে যাব। আমাদের মাথা উঁচু করে রাখার জন্য কাজ করতে হবে।
