সিঙ্গাপুরে চিকিৎসাধীন নায়ক ফারুক ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৮:১৫ পিএম

দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করে আসছেন নায়ক ফারুক। নিয়মিত চেক আপ করার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিউতে নেয়া হয়।

ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়।

ফারুকের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তার স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে জানান, ফারুককে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন তাকে। এরপরই জানা যাবে তার সর্বশেষ শারীরিক অবস্থা।

আট বছর ধরে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছেন ফারুক। এখনো তিনি আছেন ডা. লাইয়ের তত্ত্বাবধানে। ফারহানা বলেন, ‘সিটি স্ক্যান করেই আমাদের ঢাকায় ফেরার কথা ছিল। এই চেকআপের মধ্যেই ফারুকের রক্তে সংক্রমণ ধরা পড়ে। চেকআপের পরই তার শরীরটা খারাপ লাগছিল। এরপর আমরা দ্রুত তার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। তিনি বললেন, চলে আসো।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত