ইউপি নির্বাচন

খুলনায় আ.লীগের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:০৬ এএম

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

গতকাল রবিবার সকাল ১০টায় অন্তাবুনিয়া বাজারসংলগ্ন মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে কয়রা-পাইকগাছা সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার খায়রুল আলমের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি পরিবারের সদস্য আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আব্দুল্লাহ আল মাহমুদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নেতারা আসন্ন মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আব্দুল্লাহ আল মাহমুদের নৌকা প্রতীকের মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ সময় বক্তৃতা করেন ইয়াকুব আলী, এস এম হারুনর রশিদ, আনছার আলী গাজি, আরাফাত হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত