পঞ্চম দিনের মতো ফরিদপুর আইনজীবীদের আদালত বর্জন

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:১৬ পিএম

ফরিদপুরে জেলা সদর থেকে ভাঙ্গায় ফৌজদারি ও দেওয়ানির পাঁচটি আদালত স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে পঞ্চম দিনের মতো চলছে নানা কর্মসূচি।

গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় আদালত স্থানান্তরের প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।

এ সময় তারা বলেন, দুইশ বছরের ঐতিহ্য ফরিদপুরের আদালতকে কোনোভাবে একটি উপজেলাতে নিতে দেওয়া হবে না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে।

কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন অ্যাড. সুবল চন্দ্র সাহা, অ্যাড. মোদারেরছ আলী ইছা, অ্যাড. জসীমউদ্দিন মৃধা, হাবিবুর রহমান হাবিব, নারায়ন চন্দ্র সাহা, অনিমেষ রায় প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুর জেলা সদর থেকে পাঁচটি থানার দেওয়ানি ও ফৌজদারি আদালত ভাঙ্গায় স্থনান্তরের উদ্যোগ নেওয়ার বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই ধারাবাহিক আন্দোলনে নামে আইনজীবী সমিতি ও সাধারণ জনতা। একই কর্মসূচি পালন করছে নগরকান্দা ও সালথায়।

গত ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ এ সংক্রান্ত (কোর্ট স্থানান্তরের) ইতিবাচক মতামত দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠান। 

ফরিদপুর জেলা সদর থেকে দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থানান্তরের থানা গুলো হলো ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালথা ও নগরকান্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত