ভারতের আই লিগে কলকাতা মোহামেডান বড় জয় তুলে নিল সোমবার। সুপার সিক্সের তৃতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সকে ৪-১ গোলে উড়িয়ে দিল দলটি। আর এ ম্যাচে কলকাতা মোহামেডানের আর্মব্যান্ড ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে।
জাতীয় দলের ব্যস্ততার জন্য আই লিগ ছেড়ে চলে আসতে হচ্ছে জামালকে। কলকাতা মোহামেডানের পক্ষে এদিন নিজের শেষ ম্যাচটি খেলতে নামেন তিনি। জামালকে সম্মান জানাতেই এদিন কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি অধিনায়ক করে তাকে।
মাঠে জামাল খেলেছেন দুর্দান্ত। দলের ৪ গোলের দুটিই ছিল তার অ্যাসিস্ট থেকে।
ভারতের মাটিতে ভারতীয় কোনো দলকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় জামাল। ফুটবল অধিনায়ক হিসেবে দ্বিতীয়। নব্বইয়ের দশকে ইস্ট বেঙ্গলকে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত মোনেম মুন্না।
এ ছাড়া ২০১৫ সালে কপিল দেবের গলফ ফ্র্যাঞ্চাইজি পুনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান।
আই লিগে কলকাতা মোহামেডানের বাকি রয়েছে আর দুই ম্যাচ। কাগজে কলমে এখনো শিরোপার সুযোগ রয়েছে দলটির। তবে সেটা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।
নিজের প্রথম আই লিগ অভিযানে জামাল কলকাতা মোহামেডানের হয়ে ১৩ ম্যাচের ১২টিতেই খেলেছেন। একটি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে।
