বকেয়া পরিশোধ দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রমিকদের

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০২:১১ এএম

সাভারে দুই মাসের বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিড ফেয়ার ফ্যাশন কারখানার শ্রমিকরা। এ সময় অনেক নারীশ্রমিককে শিশুসন্তান কোলে নিয়ে মানববন্ধনে অংশ নিতে দেখা গেছে। সোমবার দুপুরে সাভারের সিটি সেন্টারের সামনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিড ফেয়ার নামক তৈরি পোশাক কারখানার প্রায় ২ শতাধিক শ্রমিক।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, সাভারের ডিবি পুলিশ কার্যালয়ের নিচে বিড ফেয়ার নামে একটি কারখানায় প্রায় ২ শতাধিক শ্রমিক কাজ করে আসছিলেন। তবে এর মালিক আল-আমিন গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন না দিয়ে পালিয়ে যান। আমরা প্রায় আড়াই মাস ধরে বেতন না পেয়ে অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছি। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন কারখানার শ্রমিক সুমি আক্তার, শারমিন ও মানিক।

ভুক্তভোগী শ্রমিক সুমি আক্তার বলেন, আমাদের গত দুই মাসের বেতন প্রদানের জন্য মৌখিকভাবে দিন ধার্য করেন আল-আমীন। কিন্তু কাউকে কিছু না বলে তিনি কারখানায় আসা বন্ধ করে দেন। গত ১ মার্চ থেকে কারখানার গেটে তালা ঝুলিয়ে তিনি লাপাত্তা হয়ে যান। আমরা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার মডেল থানাসহ শ্রমিক সংগঠনকে লিখিতভাবে বিষয়টি জানালেও এখনো সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাবেশ ও মানববন্ধন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত