প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১০:২৬ পিএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নাজমিন আক্তার (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে নাজিম উদ্দিন (২৩) নামের এক যুবক নাজমিনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নাজিম উদ্দিন পলাতক রয়েছে। নাজিম উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। 

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, উপজেলার বালিঙ্গা গ্রামের শামসুল হক চৌধুরীর পালিতকন্যা নাজমিন। শিশুকালে তাকে এনে লালনপালন করেন শামসুল হক চৌধুরী। তার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে নাজিম উদ্দিন। মঙ্গলবার শামসুল হক তার স্ত্রীকে নিয়ে অন্যত্র বেড়াতে যান। নাজমিন আক্তার একা বাড়িতে ছিল। এক পর্যায়ে ঘরের ভিতরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে নাজিম পলাতক রয়েছে। 

ওসি জানান, নাজমিনের সঙ্গে হয়তো প্রেমের সম্পর্ক গড়তে চেয়েছিল নাজিম। এতে ব্যর্থ হয়ে সে হত্যাকাণ্ড ঘটাতে পারে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এদিকে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে নাজমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত