আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৬০ কক্ষ পুড়ে ছাই

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০২:০৫ পিএম

আশুলিয়ায় ৩টি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ওই কলোনিগুলোর ৬০-৭০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার আব্বাস মার্কেটের পেছনে মনির হোসেন ও আলম হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, প্রথমে একটি কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে৷ পরে ধীরে ধীরে পাশে থাকা বাকি কলোনিগুলোতে আগুন লাগতে শুরু করে। এখানে ৩টি কলোনির প্রায় সব কক্ষগুলোই পুড়ে গেছে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুরের সুবন্ধী এলাকার ওয়াক আলীর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও অন্তত ১০টি কক্ষ পুড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত