দিল্লিতে ফ্ল্যাটে মিলল বিজেপি সাংসদের ঝুলন্ত মরদেহ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০৩:১৯ পিএম

ভারতের দিল্লিতে বন্ধ ঘর থেকে উদ্ধার হলো ক্ষমতাসীন বিজেপির লোকসভার সাংসদ রামস্বরূপ শর্মার ঝুলন্ত মরদেহ। তিনি হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ ছিলেন।

এই সময় জানায়, গোমতী বিমানবন্দর সংলগ্ন একটি আবাসনের ২১৪ নম্বর ফ্ল্যাটে নিজের কক্ষ থেকেই উদ্ধার হয় সাংসদের মরদেহ।

বাড়ির এক কর্মচারীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে করা হচ্ছে।

এদিকে শর্মার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকালে নির্ধারিত সংসদীয় পার্টির বৈঠক বাতিল করেছে বিজেপি। শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন সাংসদ। তার পরিবারেও অশান্তি চলছিল বলে খবর। যে কক্ষে তার মরদেহ উদ্ধার হয় সেটি ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে যদিও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

১৯৫৮ সালে হিমাচল প্রদেশের মান্ডি জেলার জলপাহার গ্রামে জন্ম হয় রামস্বরূপ শর্মার। ২০১৪ সালে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মান্ডি থেকে পুনরায় জয়লাভ করেন তিনি। বিদেশ বিষয়ক স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সদস্যও ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত