উড্ডয়ন শৈলীতে বঙ্গবন্ধুকে বিমান বাহিনীর সম্মান প্রদর্শন

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১২:৫৮ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে সম্মান প্রদর্শন করেছে। গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে আকাশে বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে ‘১০০’ তৈরির এই উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়।   

গতকাল দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকরা এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিয়েছে ‘১০০’। বিমান বাহিনীর এফ-৭, মিগ-২৯, ইয়াক ১৩০, কে-৮ডব্লিউ ও পিটি-৬ বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনী হয়া। ‘১০০’ তৈরির উড্ডয়ন শৈলীটি দেশের বিভিন্ন জেলায় প্রদর্শিত হয়। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সংবলিত ব্যানার ফ্লাই করা হয়। জাতির এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণে সবার সঙ্গে একাত্ম থাকবে বিমান বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত