ঘুষের টাকা নেওয়ার সময় খুলনার হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের খুলনা বিভাগের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আলমগীর হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে অডিটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রণব কুমার জানান, দুদক উপপরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ অভিযান পরিচালনা করে। সেখানকার উপসহকারী কমিউনিটি মডেল অফিসার (পিআরএল ভোগরত) রণজিত কুমার নন্দীর জিবি ফান্ডের বিপরীতে প্রাপ্য ২২ লাখ ৬ হাজার ৭২৫ টাকা চান। অডিটর মো. আলমগীর হোসেন এজন্য ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ঘুষের টাকা গ্রহণকালে টাকাসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। এর আগে ভুক্তভোগী দুদক হটলাইনে আইনগত প্রতিকার পেতে অভিযোগ করেন।
