যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘লাইভ সম্প্রচার’ অথবা ‘অনলাইনে’ আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন সম্প্রতি পুতিনকে ‘কিলার’ বলে সম্বোধন করার পর এমন প্রস্তাব দিলেন রাশিয়ার সর্বোচ্চ নেতা।
রাশিয়ায় একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার পুতিন বলেন, ‘আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানাতে চাই। কিন্তু শর্ত হল আমরা এটা লাইভ সম্প্রচারে করব, তারা যেমনটি বলছে অনলাইনে।’
পুতিন মনে করেন, ‘আমেরিকা এবং রাশিয়ার মানুষের স্বার্থে এটা দারুণ একটি ব্যাপার হবে।’
বুধবার এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেন পুতিনকে ‘কিলার’ বলেন।
উপস্থাপক তার কাছে এভাবে প্রশ্ন করেন, রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার নির্দেশ দেয়ায় অভিযুক্ত পুতিনকে আপনি কিলার মনে করেন কি না?
জবাবে বাইডেন বলেন, ‘অবশ্যই মনে করি।’
মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে বিগত অনেক বছরের মধ্যে দেশ দু’টির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করেছে। বক্তব্যের জের ধরে রাশিয়া জরুরি আলোচনার জন্য ওয়াশিংটনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠায়। সাম্প্রতিক কূটনীতির ইতিহাসে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।
বাইডেন খেপেছেন মূলত একটি গোয়েন্দা প্রতিবেদনকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, এবারের মার্কিন নির্বাচনে পুতিন ট্রাম্পের হয়ে প্রচারণার জন্য রাশিয়ান কর্মকর্তাদের অনুমোদন দিয়েছিলেন।
